প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা
তিন দিনের সফরে আগামীকাল সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরে শ্রমবাজার, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারসহ অন্তত পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পিডি) শাহ আসিফ রহমান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে, যা মূলত বাংলাদেশ সরকারপ্রধানের ফিরতি সফর। গত বছরের অক্টোবরে আনোয়ার ইব্রাহিম মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন।
সফরসূচি অনুযায়ী মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করা হবে। পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণ, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, কৃষি ও বাণিজ্যিক সহযোগিতার ওপর জোর দেওয়া হবে।
সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার। এ সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যান্যরা সঙ্গী হবেন।

