চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখাল আদালত
রাজধানীর বনানী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।
এদিন পুলিশের প্রহরায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় বাবুকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, সেনা সমর্থিত সরকারের সময় মোজাম্মেল বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং নগদ সাড়ে ৪ লাখ টাকা নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়।
শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বাবুকে আদালতের হাজতখানায় নেয়া হয়।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, এ বছরের ১১ জানুয়ারি বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির বনানী থানায় এ মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০০৭ সালের ১৭ মার্চ বাবু ও আরও দুইজন বৈশাখী টিভির অফিসে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন, শেয়ার হোল্ডার করার চাপ দেন এবং তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করিয়ে নেন। এক পর্যায়ে আলমারিতে রাখা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান।

