সাবেক এমপি সোলাইমান সেলিম ৩ দিনের রিমান্ডে
রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন আদালতে আসামিকে রিমান্ডে নেওয়ার জন্য সাত দিনের আবেদন করলে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন ও আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এর পর ১৯ আগস্ট তার বাবা কামরুল হাসান লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।
এর আগে ১৩ নভেম্বর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। পরদিন রাকিব হাওলাদার হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ২৭ নভেম্বর চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। ৭ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

