এআইইউবিতে বৈশ্বিক স্বাস্থ্যসেবা ও গবেষণা বিষয়ক সেমিনার
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর পাবলিক হেলথ বিভাগে ‘গবেষণার দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে জনস্বাস্থ্য গবেষণার গুরুত্ব এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা হয়।
শুক্রবার (১ আগস্ট) আয়োজিত এই সেমিনারের প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর সিনিয়র ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান, পিএইচডি। তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার মেরুদন্ড হিসেবে উল্লেখ করে বলেন, সুসংগঠিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা স্বাস্থ্য বৈষম্য কমানো এবং সাশ্রয়ী ও ন্যায্য স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বাংলাদেশে একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামো গড়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন এবং বলেন, এক ছাদের নিচে ডাক্তার-নার্স সেবাসহ ল্যাবরেটরি, রেডিওলজি, ফার্মেসি, ডেন্টাল, পুষ্টি, টিকাদান, মানসিক স্বাস্থ্য, কাউন্সেলিং ও স্বাস্থ্য উন্নয়ন সেবা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
সেমিনারের প্রথম বক্তা ছিলেন এআইইউবি জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ড. রাকিয়া ইশরা। এআইইউবি জনস্বাস্থ্য বিভাগের প্রধান ড. মুহাম্মদ ওয়াসিফুল আলমের দিকনির্দেশনা ও বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি’র উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। উপাচার্য ও উপ-উপাচার্য অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।