মোটরসাইকেলের কাঁদা ছিটে পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫
কিশোরগঞ্জের করিমগঞ্জে মোটরসাইকেল থেকে কাঁদা ছিটে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে গাবতলী বাজারগামী তাজুল ইসলাম (২৫) বিপরীত দিক থেকে আসা মাসুদ মিয়ার মোটরসাইকেলের কাঁদায় ভিজে যান। তাজুল ধীরে যেতে বললে মাসুদ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র হাতে দুই পক্ষের নারী-পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।