রোহিঙ্গা সংকট সমাধান ও বিনিয়োগে মালয়েশিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধান এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা জানান, গণঅভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণের সময় আনোয়ার ইব্রাহিম বন্ধুর মতো সহায়তা নিয়ে এগিয়ে এসেছিলেন, যা বাংলাদেশের জন্য ছিল এক বিশেষ অনুভূতি। তিনি বলেন, বর্তমানে দেশে শৃঙ্খলা ও অর্থনৈতিক কার্যক্রম সচল হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোহিঙ্গা সংকটকে ‘বড় সমস্যা’ উল্লেখ করে ড. ইউনূস আসিয়ান-এর সভাপতি হিসেবে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। একইসঙ্গে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের দক্ষ জনশক্তি ও প্রযুক্তি কাজে লাগিয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক পণ্য উৎপাদনের সুযোগ নিতে আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, উচ্চশিক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় হয়।