হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতাল ত্যাগ করেছেন। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তাহের জানান, ডা. শফিকুর রহমান একটি বড় ধরনের অপারেশনের পর সুস্থ হয়েছেন এবং এখন বাসায় নেওয়া হচ্ছে। রিকভারি সময় দরকার হলেও তিনি বাসা থেকে দলের পরামর্শ দিবেন এবং দুই সপ্তাহ রুটিনমাফিক বিশ্রাম নেবেন। আশা করা হচ্ছে, তিন সপ্তাহ পর জনসন্মুখে আসতে পারবেন।
নায়েবে আমির হাসপাতালের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চেয়ারম্যান থেকে শুরু করে আয়া, সুইপার সবাই আমিরের সেবায় শতভাগ মনোযোগ দিয়েছেন। অধ্যাপক জাহাঙ্গীর কবির, মনিরুজ্জামান ও হাসপাতালের এমডিসহ সংশ্লিষ্ট সবাইকে জামায়াতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আমির শুধু দলের নয়, পুরো জাতির অপরিহার্য নেতা। হাজার হাজার মানুষ তাঁকে দেখতে চেয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও সাক্ষাৎ করেছেন। যারা আসতে পারেননি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আশ্বাস দেন, দেশের বিভিন্ন জায়গা থেকে যারা দোয়া করেছেন, আল্লাহর কৃপায় আমির ভালো আছেন এবং সকলের দোয়ায় তিনি দ্রুত সুস্থ হবেন।

