ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপত্তি নিষ্পত্তি ও সংশোধনের পর এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ২০ হাজার ৮৭৩ জন ছাত্র এবং ১৮ হাজার ৯০২ জন ছাত্রী ভোটার রয়েছেন।
সোমবার (১১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খসড়া ভোটার তালিকার আপত্তি নিষ্পত্তি কমিটির সুপারিশ এবং উপাচার্যের অনুমোদনের ভিত্তিতে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
আগের খসড়া তালিকায় মোট ভোটার ছিল ৩৯ হাজার ৯৩২ জন, যা থেকে ১৫৭ জনকে বাদ দেওয়া হয়েছে। ভোটার তালিকাটি বিশ্ববিদ্যালয়ের সব হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
ছাত্র ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য হলগুলোর নাম ও ভোটার সংখ্যা হল – অমর একুশে হল ১২৯৫, কবি জসীমউদ্দিন হল ১৩০৩, জগন্নাথ হল ২২২২, শেখ মুজিবুর রহমান হল ১৬০৬, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ১৯৯৮, ফজলুল হক মুসলিম হল ১৭৬২, বিজয় একাত্তর হল ২০২৭, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ১৭৫১, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ১৯৫৭, সলিমুল্লাহ মুসলিম হল ৬৬৪, মাস্টারদা সূর্যসেন হল ১৪৯৯, স্যার এ এফ রহমান হল ১৩৭৭ এবং হাজী মুহাম্মদ মুহসীন হল ১৪০২।
অপরদিকে, ছাত্রী ভোটারদের মধ্যে রোকেয়া হল ৫৬৪১, শামসুন নাহার হল ৪০৮৪, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২১০৩, কবি সুফিয়া কামাল হল ৪৪৩৪ এবং ফজিলাতুন্নেছা মুজিব হল ২৬৪০ ভোটার রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পরও যদি বহিষ্কৃত বা মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তা ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
এই নির্বাচন আগামী মাসে অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

