অ্যাপলের বিরুদ্ধে মাস্কের আইনি হুমকি, অ্যাপ স্টোরে ওপেনএআইকে প্রাধান্যের অভিযোগ
টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক মঙ্গলবার ((১২ আগস্ট) অ্যাপলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। তার অভিযোগ, অ্যাপল অ্যাপ স্টোরে অন্যায্যভাবে ওপেনএআই অ্যাপ্লিকেশনকে প্রাধান্য দিচ্ছে, যার ফলে তার নিজস্ব এআই স্টার্টআপ এক্সএআই (xAI) প্রথম স্থানে উঠতে পারছে না।
মাস্ক এক্স-এ লেখেন, অ্যাপল এমনভাবে আচরণ করছে, যা ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই কোম্পানির জন্য অ্যাপ স্টোরে এক নম্বরে ওঠা অসম্ভব করে তুলছে—এটি সরাসরি অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন। এক্সএআই তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেবে।” আরেক পোস্টে তিনি যোগ করেন, “অ্যাপল শুধু পাল্লা ভারী করেনি, পুরো শরীরটাই দিয়ে দিয়েছে!
এ অভিযোগ এমন সময়ে এলো, যখন মাস্কের এক্সএআই-এর বড় ভাষা মডেল “গ্রক” (Grok) ও ওপেনএআই-এর চ্যাটজিপিটির মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। গত মাসে এক্সএআই “গ্রক ৪” চালু করে, যা পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি দাবি করে। এরপর এতে “গ্রক ইমাজিন” ফিচার যোগ হয়, যা ছবি ও ভিডিও তৈরি এবং ব্যক্তিগতকৃত চ্যাটবট সেবা দেয়। গ্রক অ্যাপলের প্রোডাক্টিভিটি বিভাগে ৬০তম স্থান থেকে দ্বিতীয় স্থানে ওঠে।
চ্যাটজিপিটি গত এক বছরে অ্যাপলের সামগ্রিক র্যাংকিংয়ে প্রথম বা দ্বিতীয় স্থানে রয়েছে। মাস্কের দাবি, এই অবস্থান স্বাভাবিক জনপ্রিয়তার কারণে নয়; বরং অ্যাপল অ্যাপ স্টোরের এডিটোরিয়াল কনটেন্টে চ্যাটজিপিটিকে নিয়মিতভাবে প্রচার করছে এবং তাদের “অ্যাপল ইন্টেলিজেন্স” সেবায় সরাসরি চ্যাটজিপিটির প্রযুক্তি সংযোজন করেছে, যা সিরি ও রাইটিং টুলসের সঙ্গে একীভূত।
এদিকে, জিপিটি-৫ চালুর আগের দিন ওপেনএআই প্রায় এক হাজার কর্মীকে (যা প্রতিষ্ঠানের এক-তৃতীয়াংশ) বিশাল বোনাস দেওয়ার ঘোষণা দেয়। জিপিটি-৫ বর্তমানে সবার জন্য উন্মুক্ত, যেখানে প্লাস গ্রাহকরা বেশি ব্যবহার সুবিধা পান এবং প্রো গ্রাহকরা পান “জিপিটি-৫ প্রো”–এর অ্যাক্সেস, যা আরও উন্নত বিশ্লেষণ ও সঠিক উত্তর দেওয়ার ক্ষমতা রাখে।

