মামলা দিয়ে ভয় দেখানো যাবে না: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মামলা দিয়ে তাদের ভয় দেখানো যাবে না। তার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হলেও আন্দোলন থেকে পিছিয়ে আসবেন না বলে তিনি স্পষ্ট করে দেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি সাম্প্রতিক একটি বিতর্কিত প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তার মিটিং হয়েছে—এমন ‘মিথ্যা সংবাদ’ প্রচারের জন্য চ্যানেল ওয়ানের গিয়াসউদ্দিন আল মামুনকে দায়ী করেন সারজিস।
এনসিপির এ নেতা আরও বলেন, আগে এ্যানি ভাইয়েরা (বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির প্রতি ইঙ্গিত করে) কারাগার থেকে বুক ফুলিয়ে কোর্টে হাজিরা দিতে আসতেন। আমরা তাদের সাহস দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। আজ আমি যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বলি, আমার নামে ১০ কোটি টাকার মামলা করা হয়। আমরা স্তব্ধ থাকবো না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা এনসিপি—আমরা ছাড় দেবো না।
তিনি বলেন, ডিবি অফিসে রুহুল কবীর রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও অন্য সাহসী নেতাদের সঙ্গে ছোট্ট একটি গারদে থাকার স্মৃতি আজও জীবন্ত। সেই দিনগুলোতে আমরা অনেক বেশি সাহস নিয়ে ফিরতাম।
বিএনপি নেতাদের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করেছে। তিনি দাবি করেন, তারা বিএনপির প্রকৃত প্রতিনিধি নন।

