বিনিয়োগ সুরক্ষায় ‘মার্জিন বিধিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদন
বিনিয়োগকারীদের বিনিয়োগের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১২ আগস্ট) বিএসইসির ৯৬৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে বিদ্যমান ‘মার্জিন রুলস, ১৯৯৯’ রহিত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মার্জিন বিধিমালা স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার-সব ধরনের মার্জিন ঋণ অর্থায়নকারীর জন্য প্রযোজ্য হবে।
সংস্থাটি বলছে, এ বিধিমালা কার্যকর হলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় মার্জিন ঋণ ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে।