নাফ নদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্, গাস্ট ১৩, ২০২৫

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমা থেকে নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

অপহৃতরা হলেন—মো. ইলিয়াস, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন, সাবের হোসেন এবং সাইফুল ইসলাম। তারা সবাই সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

ইউএনও জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে স্পিডবোটযোগে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। এ ঘটনায় এখনো তাদের খোঁজ মেলেনি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত ৮ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৫১ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অপহৃত হয়েছেন ১৭৬ জন। প্রায় ২০০ জনকে বিজিবির সহায়তায় কয়েক দফায় ফেরত আনা হয়েছে।

Nagad