লজ্জার হার, ওয়ানডে সিরিজ হাতছাড়া পাকিস্তানের, সিরিজ জিতল উইন্ডিজ
৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। জেডেন সিলসের বিধ্বংসী বোলিং ও শাই হোপের ঝলমলে সেঞ্চুরিতে ক্যারিবীয়রা লাহোরে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৯৫ রানের লক্ষ্য দেওয়ার পর পাকিস্তানকে মাত্র ৯২ রানে গুটিয়ে দেয়। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জেতে উইন্ডিজ।
মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ৪৪তম ওভারের শুরুতে ২০০ রানের নিচে থাকা দলটি হোপের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ সাত ওভারে তোলে ১০০ রান। হোপ ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১২০ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের হয়ে শুরুতে আবরার আহমেদ নিয়ন্ত্রিত বোলিং করলেও শেষ দিকে উইন্ডিজ ব্যাটাররা তার ওপর চড়াও হন। হাসান আলি ও নাসিম শাহও রান আটকাতে ব্যর্থ হন।
জবাবে ব্যাট করতে নেমে সিলস প্রথম ওভারেই সাইম আইয়ুবকে ফেরান। দ্রুতই আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান আউট হয়ে গেলে চাপে পড়ে পাকিস্তান। বাবর আজমও সিলসের বলে এলবিডব্লিউ হন। ২৩ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি।
সিলস ৭.২ ওভারে মাত্র ১৮ রানে ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে দ্বিতীয় সেরা ওয়ানডে বোলিং ফিগার গড়েন। পাকিস্তানের হয়ে আগা ৩০, মোহাম্মদ নওয়াজ ২৩ ও হাসান নওয়াজ ১৩ রান করেন। দলের বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

