৩৩টি প্রয়োজনীয় ওষুধের দাম কমাল ইডিসিএল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:১৫ অপরাহন, গাস্ট ১৩, ২০২৫

সিন্ডিকেট ভেঙে এবং অদক্ষ জনবল কমিয়ে ৩৩টি প্রয়োজনীয় ওষুধের দাম ১০-৫০ শতাংশ কমিয়েছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। আগামী ছয় মাসের মধ্যে আরও কিছু ওষুধের দাম কমানোর পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ইডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা জানান, বিগত সরকারের আমলে সক্ষমতার তুলনায় প্রায় ২ হাজার অতিরিক্ত কর্মী ছিল, যাদের মধ্যে ৭২২ জনকে ছাঁটাই করা হয়েছে। এছাড়া অতিরিক্ত ওভারটাইম ও অপ্রয়োজনীয় উৎপাদন খরচ কমিয়ে ব্যয় সংকোচন করা হয়েছে।

তিনি বলেন, র-ম্যাটেরিয়াল যৌক্তিক মূল্যে কেনার ফলে ব্যয় কমেছে, যার প্রভাব সরাসরি ওষুধের দামে পড়েছে। দাম কমানো ওষুধের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি-জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানি ও ভিটামিনের ওষুধ।

ইডিসিএল জানায়, ওমিপ্রাজল ক্যাপসুল, কেটোরোলাক ইনজেকশন, অনডানসেট্রন ইনজেকশন, সেফট্রিয়াক্সোন, সেফটাজিডিম, মেরোপেন ওমিপ্রাজল ইনজেকশন এবং মনটিলুকাস্ট ট্যাবলেটসহ বেশ কিছু ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। গ্রামীণ ক্লিনিকে সরবরাহকৃত ৩২টির মধ্যে ২২টি ওষুধের দামও হ্রাস পেয়েছে।