চ্যাটজিপিটিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার অ্যাপলের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৬ অপরাহন, গাস্ট ১৩, ২০২৫

টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্কের পক্ষপাতের অভিযোগ নাকচ করেছে অ্যাপল। মাস্ক দাবি করেছিলেন, অ্যাপ স্টোরে র‌্যাংকিংয়ে ওপেনএআই-এর চ্যাটজিপিটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, অথচ তার অ্যাপস ‘এক্স’ ও এক্সএআই-এর ‘গর্ক’ ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অ্যাপল জানায়, তাদের অ্যাপ স্টোর “ন্যায়সঙ্গত ও পক্ষপাতহীন” এবং সুপারিশগুলো চার্ট, অ্যালগরিদম ও সম্পাদকীয় কিউরেশনের মাধ্যমে নিরপেক্ষ মানদণ্ডে করা হয়। প্রতিষ্ঠানটি জানায়, তারা ব্যবহারকারীদের নিরাপদ কনটেন্ট খুঁজে পাওয়ার সুযোগ এবং ডেভেলপারদের জন্য অ্যাপ দৃশ্যমানতা বাড়ানোর সুযোগ তৈরি করে।

মাস্ক ‘এক্স’-এ পোস্ট করে অভিযোগ করেন, “ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই কোম্পানির পক্ষে অ্যাপ স্টোরে ১ নম্বরে ওঠা প্রায় অসম্ভব।” তার দাবি, নিউজ চার্টে ‘এক্স’ শীর্ষে এবং ‘ গর্ক’–এ বড় আপডেট আনা সত্ত্বেও চ্যাটবটটি সামগ্রিকভাবে ৫ম ও প্রোডাক্টিভিটি বিভাগে ২য় স্থানে আছে, অন্যদিকে চ্যাটজিপিটি দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে রয়েছে।

অ্যাপল সম্প্রতি অ্যাপ স্টোরের সম্পাদকীয় কনটেন্টে চ্যাটজিপিটিকে বিশেষভাবে তুলে ধরেছে এবং ওপেনএআই-এর প্রযুক্তি সরাসরি সিরি ও রাইটিং টুলসে সংযুক্ত করেছে। মাস্ক হুঁশিয়ারি দেন, তাৎক্ষণিক আইনি ব্যবস্থা-নেওয়া হবে, যদিও এখনো মামলা করা হয়নি।

এদিকে, অ্যাপল বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট মামলার মুখোমুখি এবং এপিক গেমসের সঙ্গে চলমান আইনি লড়াইয়ে অ্যাপ স্টোর নীতির কিছু পরিবর্তনের রায়ের বিরুদ্ধে আপিল করছে।

গত সপ্তাহে জিপিটি-৫ উন্মোচনের প্রাক্কালে ওপেনএআই প্রায় এক হাজার কর্মীকে বড় অঙ্কের বোনাস দেওয়ার ঘোষণা দেয়, যা তাদের পূর্ণকালীন কর্মীদের এক-তৃতীয়াংশ। নতুন সংস্করণটি সবার জন্য উন্মুক্ত হলেও প্লাস গ্রাহকরা বেশি ব্যবহারের সুযোগ এবং প্রো গ্রাহকরা ‘GPT-5 Pro’-এর উন্নত রিজনিং সুবিধা পাচ্ছেন।

Nagad