সিলেটে সাদা পাথর রক্ষায় ৫ দফা সিদ্ধান্ত, চলবে যৌথবাহিনীর অভিযান
সিলেটের ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদা পাথর এলাকায় নজিরবিহীন লুটপাটের পর চুরি হওয়া পাথর উদ্ধার ও নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিয়েছে প্রশাসন। চুরি হওয়া পাথর ফেরত এনে আগের অবস্থানে বসানো এবং ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, পাথর চুরির ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনা হবে। এর আগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যা আগামী রোববার প্রতিবেদন দেবে।
প্রশাসনের ৫ দফা সিদ্ধান্তের মধ্যে রয়েছে— জাফলং ইসিএ ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের স্থায়ী চেকপোস্ট, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পাথর চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার ও চুরি হওয়া পাথর আগের স্থানে ফিরিয়ে আনা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শুরু হওয়া লাগামহীন লুটপাটে প্রতিদিন শত শত নৌকায় পাথর পাচার হয়েছে। স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গেছে।