মাইলস্টোন দুর্ঘটনায় আহত শিক্ষিকা মাহফুজার মৃত্যু
ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষিকা মাহফুজা খাতুন (৪৫) মারা গেছেন। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাহফুজার শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন মারা গেছেন। বর্তমানে ২৩ জন চিকিৎসাধীন, আর ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে গত ২১ জুলাই মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। স্কুল কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, দুর্ঘটনায় প্রাণ হারান ২৭ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ৩ জন অভিভাবক ও ১ জন আয়া—মোট ৩৩ জন। মাহফুজার মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।