কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে ৯৮ বাংলাদেশি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১১ অপরাহন, গাস্ট ১৬, ২০২৫

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অনুমতি না পেয়ে আটকে পড়েছেন ৯৮ জন বাংলাদেশি। ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে ঢুকতে পারেননি তারা।

শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) শুক্রবার রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত বিমানবন্দরের প্রথম টার্মিনালে অভিযান চালায়। এ সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রবেশের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।

একেপিএস এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তিরা ঢাকা থেকে ভোরের ফ্লাইটে এসেছিলেন। দিনের বেলায় কড়াকড়ি এড়াতেই তারা হয়তো ভোরে ফ্লাইট ধরেন।

সংস্থাটি আরও জানায়, ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে না পারায় তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পর্যটন ভিসায় আসলেও তারা মালয়েশিয়ায় থেকে অবৈধভাবে কাজ করার পরিকল্পনা করেছিলেন।

একেপিএস বলেছে, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা জোরদারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সূত্র: বার্নামা

Nagad