ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৩৯ অপরাহন, গাস্ট ১৬, ২০২৫

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, রাজনীতির ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার উপরে আমাদের কারও কিছু বলার নেই। কে কী বলল, তা শোনার আমাদের দরকার নেই।

এ সময় তিনি বাজার পরিস্থিতি ও কৃষিপণ্যের মূল্য নিয়ে মন্তব্য করেন। অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে সংরক্ষণের কারণে আলুর মজুত বেড়েছে। কারওয়ান বাজারের সঙ্গে অন্যান্য বাজারে আলুর দামে ৪–৫ টাকার পার্থক্য থাকায় কৃষক ও ভোক্তা—দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষক ন্যায্যমূল্য না পেলে ভবিষ্যতে আলু চাষ কমে যাবে, তখন আবার দাম বেড়ে যাবে।

স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার জন্য পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, পলিথিনের কোনো উপকারিতা নেই। অনেক সময় পানি আটকে যায়, মাটি নষ্ট হয় এবং সহজে নষ্টও হয় না। পাটের ব্যাগ ব্যবহার করলে কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনও চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না। যত বড় চাঁদাবাজই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।