পাথর লুটে প্রশাসনের যোগসাজশ, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান
সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে অভিযোগ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, আমরা নীতি প্রণয়ন করেছি, মাঠপর্যায়ে তা বাস্তবায়ন করার দায়িত্ব প্রশাসনের। কিন্তু প্রশাসন হয়তো যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে—বা দুটোই করেছে। এজন্য তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা দেখতে পাবেন।
তিনি আরও বলেন, পাথর লুট রোধে ফিল্ডে গিয়েছিলাম, যাতে লুটেরা চক্র বুঝতে পারে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। আমাদের ফেরার পরই তিন দিনব্যাপী অভিযান চালানো হয় এবং সব ভাঙার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রিজওয়ানা হাসান অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতায় জনগণকেই প্রতিবাদে নামতে হয়েছে। তিনি বলেন, আজ মানুষ তার শক্তি দেখিয়েছে। লুটেরা চক্রের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়ায়, তখন রাজনৈতিক শক্তি যতই সাপোর্ট দিক না কেন, জনগণের শক্তিই জয়ী হয়।
রিজওয়ানা হাসান আর বলেন, পাথর কতটুকু তুললো, লুট হলো, নিয়ে গেলো- এটি আমার মন্ত্রণালয়ের দেখার কথা নয়। যেহেতু আমি একজন পরিবেশ কর্মী এবং সরকারে আছি…আমি দায়িত্ব নেবো কিন্তু পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়েন না।

