আদালতে জামিন পেলেন ধানমন্ডি ৩২ নম্বর থেকে গ্রেপ্তার রিকশাচালক
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমান জামিন পেয়েছেন। রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আপত্তি থাকলেও আদালত তা মঞ্জুর করেন। আইনজীবী জানান, অন্য কোনো মামলা না থাকায় আজিজুর রহমানের মুক্তিতে বাধা নেই।
আজিজুরকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। ওই মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৪ আগস্ট ধানমন্ডির নিউমার্কেট থেকে সায়েন্সল্যাবমুখী মিছিলে গুলি ও বোমা হামলায় আরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তিনি চিকিৎসায় সুস্থ হয়ে এ বছরের ২ এপ্রিল মামলা দায়ের করেন।
এর আগে শুক্রবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।