মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ১৯ আগস্ট, ৫৬৫ প্রার্থী ফরম সংগ্রহ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১৮ অপরাহন, গাস্ট ১৮, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ৪৪২ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করেছেন। এতে এ নির্বাচনে মোট মনোনয়ন ফরম সংগ্রহের সংখ্যা দাঁড়ালো ৫৬৫। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদে মোট ১,২২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এরপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হল সংসদে ফরম সংগ্রহের পরিসংখ্যানের মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, শহীদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, জহুরুল হক হলে ৯৩, সূর্যসেন হলে ৯০, মুহসিন হলে ৭৪, শামছুন্নাহার হলে ৩৭, জসীমউদ্দিন হলে ৭৪, জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, সুফিয়া কামাল হলে ৪০, রোকেয়া হলে ৪৬, কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, বিজয় একাত্তর হলে ৮৮ ও এফ রহমান হলে ৭৩ জন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন এবং এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া গেলে তাকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ থাকবে।