পদ্মা সেতু নির্মাণে মোবাইল সারচার্জ বন্ধে রুল জারি
পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোন ব্যবহারে আরোপিত ১ শতাংশ সারচার্জ কেন অবৈধ ঘোষণা ও আদায় বন্ধ করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৮ আগস্ট) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ (এনেক্স-২৪) এ রুল জারি করেন। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’র (সিসিএস) করা রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম আজাদ হোসেন।
এর আগে গত ১০ জুলাই সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ রিট আবেদন করেন। এরও আগে ৪ জুন অর্থ মন্ত্রণালয়সহ নয়টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে নোটিশ পাঠিয়ে এ সারচার্জ বন্ধের দাবি জানায় সিসিএস।