৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হামাস
ইসরায়েলের সঙ্গে ৬০ দিনের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মিসরীয় সরকারি একটি সূত্রের বরাত দিয়ে সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
চুক্তির অংশ হিসেবে গাজায় হামাসের হাতে থাকা অর্ধেক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং এর বিনিময়ে ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে।
হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাঈম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, গাজা যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের উপস্থাপিত নতুন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে অনুমোদন দিয়েছে হামাস। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মিসরের সরকারি সূত্র জানিয়েছে, নতুন এই যুদ্ধবিরতি চুক্তিতে ৬০ দিনের জন্য গাজায় ইসরায়েলি সামরিক অভিযান স্থগিত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি প্রায় দুই বছরের দীর্ঘ যুদ্ধের অবসানে একটি সামগ্রিক চুক্তির ভিত্তি তৈরি করাও এর উদ্দেশ্য।
অন্য একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের দেওয়া আগের প্রস্তাবের সঙ্গে নতুন এই প্রস্তাবের মিল রয়েছে। সেই প্রস্তাবে আগেই সম্মতি দিয়েছিল ইসরায়েল।
এদিকে, গাজা নগরীর নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা দেশটির ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির দাবিতে রোববার ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। পর্যবেক্ষকদের মতে, গাজায় যুদ্ধ শুরুর পর এটি অন্যতম বৃহত্তম বিক্ষোভ।
বিক্ষোভকারীরা গাজায় বন্দি থাকা ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার আহ্বান জানান। ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, বর্তমানে তাদের মধ্যে অন্তত ২৯ জন জীবিত আছেন।
গাজার পূর্বাঞ্চলে সম্ভাব্য নতুন স্থল অভিযানের আশঙ্কায় হাজার হাজার ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি ছেড়ে পশ্চিম ও দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছেন। তবে ওই অঞ্চলগুলোতেও ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। সূত্র: রয়টার্স

