বাংলাদেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০৮ অপরাহন, গাস্ট ১৯, ২০২৫

সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে আন্তর্জাতিকমানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এ জন্য নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আমরা প্রত্যাশা করি, আসন্ন নির্বাচন হবে আন্তর্জাতিকমানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। সেপ্টেম্বরে আমাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।

রাষ্ট্রদূত আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষণ বাংলাদেশে ইইউ-এর জন্য অগ্রাধিকার। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সুশীল সমাজের সঙ্গে কাজ করবে ইইউ।

তিনি যোগ করেন, গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে ইইউ। আসন্ন নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যার দিকেও নজর দেবে ইইউ।

এর আগে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে ইইউ-এর সহযোগিতা, পর্যবেক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়টি আলোচিত হয়।

Nagad