ফ্যাসিবাদ ঠেকাতে জনগণের ভোটের কোনো বিকল্প নেই : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্, গাস্ট ২০, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

দেশে ফ্যাসিবাদ ঠেকাতে হলে জনগণের ভোটের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, সংবিধান কিংবা লিখিত বিধি-বিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র ও রাজনীতিতে ফ্যাসিবাদ ঠেকাতে হলে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই। সরাসরি ভোটের চর্চার মাধ্যমেই জনগণ শক্তিশালী হয়। জনগণ শক্তিশালী না হলে রাষ্ট্র ও সরকার শক্তিশালী হতে পারে না।

জনগণকে সতর্ক থাকার আহ্বান

ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে ভিন্নমত ও বিভ্রান্তি প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্রে পতিত ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। এজন্য তিনি গণতন্ত্রপ্রিয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

ভোটের পথে বাধা গণতন্ত্রের সংকট

Nagad

তারেক রহমান বলেন, যদি নানা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হয়, তাহলে গণতন্ত্র উত্তরণের পথ সংকটে পড়বে। স্বৈরাচারী শাসনের সময় যেমন কারও পরিবার নিরাপদে ছিল না, তেমনি আবারও জনগণের অধিকার হরণ হলে রাষ্ট্র সমগ্রভাবে সমস্যায় পড়বে।

নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার তাগিদ

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সরাসরি ভোটে সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেওয়া পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সম্ভব। আসন্ন নির্বাচনে বিএনপির পরিকল্পনা ও ভিশন জনগণের সামনে তুলে ধরুন।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই রাজনৈতিক ক্ষমতার উৎস। তাই জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন। মনে রাখবেন, জনশক্তি-জনবলই বিএনপির মনোবল।

বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত এবং শহীদের আত্মার মাগফেরাত কামনার পরপরই জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশনা করা হয়।

১৯৮০ সালের ১৯ আগস্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির অঙ্গসংগঠন ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’ প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুপুরে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, মীর সরাফত আলী সপু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, মহানগর দক্ষিনের জহির উদ্দিন তুহিন ও উত্তরের শেখ ফরিদ হোসেন বক্তব্য রাখেন।

শহীদ পরিবারের সদস্যদের মধ্যে শহীদ শওকত আলীর সহধর্মিনী রাবেয়া আক্তার, শহীদ সাইদুর রহমানের মেয়ে সুমাইয়া আখতার, শহীদ নজরুল ইসলামের ছেলে রিয়াজ আহমেদ রাজু এবং গুম হওয়া কাউসার হোসেনের মেয়ে লামিয়া আক্তার মীম তাদের কষ্টের কথা অনুষ্ঠানে তুলে ধরেন।

অনুষ্ঠানে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু মহানগর দক্ষিন বিএনপির রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবীন, কৃষক দলের হাসান জাফির তুহিন, জাসাস হেলাল খান, তাঁতী দলের আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিনী বীথিকা বিনতে হোসাইন, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবীন, সাইফুল ইসলাম ফিরোজসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।