এআই বড় চ্যালেঞ্জ, অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বার্তা দিলেন সিইসি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার এখন একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য ও অপতথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল উদ্বোধন করে। উদ্বোধনের পর দেশবাসীর উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় সিইসি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এ চ্যানেলের মাধ্যমে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত সব তথ্য নির্ভরযোগ্য, সহজ ও বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।
তিনি জানান, ইউটিউব চ্যানেলে ভোটার নিবন্ধন, নির্বাচন সংশ্লিষ্ট সময়সূচি, প্রার্থীদের করণীয়, গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং ভোটারদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত তথ্য থাকবে। বিশেষভাবে নারী, যুবসমাজ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করাই কমিশনের মূল লক্ষ্য।
একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আস্থা ও স্বচ্ছতার ওপর জোর দিয়ে সিইসি বলেন, আমাদের তথ্য জনগণের সামনে এমনভাবে উপস্থাপন করবো যাতে নির্বাচন কমিশনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়।
এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান—
আপনারা কোনো তথ্য পাওয়ার পর তা যাচাই না করে বিশ্বাস করবেন না, শেয়ারও করবেন না। যাচাইয়ের পরই বিশ্বাস ও শেয়ার করবেন। কারণ মিথ্যা ভিডিও ও অপতথ্য ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
অপতথ্যের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, আমরা চাই, গণতন্ত্রায়নে জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত হোক। এজন্য তথ্য যাচাই করা ও সঠিক প্ল্যাটফর্ম থেকে তথ্য নেওয়া জরুরি।
ইসির এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

