গাজা শহর দখলের অনুমোদন দেবেন নেতানিয়াহু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্, গাস্ট ২২, ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা শহর দখলের পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে হামাসের সঙ্গে চলমান আলোচনাও পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি, যার মূল লক্ষ্য অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের অবসান।

বৃহস্পতিবার গাজার কাছে সেনাদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, তিনি এখনো গাজা সিটি দখলের পরিকল্পনায় অটল রয়েছেন। এ পরিকল্পনার আওতায় প্রায় ১০ লাখ মানুষকে জোরপূর্বক সরিয়ে দেওয়া এবং ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংসের ধারাবাহিক অভিযান অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, “আমি আমাদের সব জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের গ্রহণযোগ্য শর্তে অবিলম্বে আলোচনার নির্দেশ দিয়েছি। আমরা এখন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছি।”

খবরে জানা গেছে, গাজা সিটিতে সম্ভাব্য বড় ধরনের অভিযান আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হতে পারে, যদি বৃহস্পতিবার বিকেলে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু চূড়ান্ত অনুমোদন দেন।

এরই মধ্যে ইসরায়েলি বাহিনী গাজা শহরে আক্রমণ জোরদার করেছে। গত ১০ দিনে ট্যাঙ্ক অগ্রসর হওয়ার কারণে হাজারো ফিলিস্তিনি নিজ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে, হামাস জানিয়েছে, তারা কাতার ও মিসরের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। ইসরায়েল যদি এ প্রস্তাব মেনে নেয়, তাহলে সম্ভাব্য এই হামলা এড়ানো যেতে পারে।

Nagad

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী আরও ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকার পরিকল্পনা করছে। একইসঙ্গে অতিরিক্ত ২০ হাজার সেনার মেয়াদ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।