পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা চীনের উদ্যোগে নয়: তৌহিদ হোসেন
বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতার সঙ্গে চীনের ত্রিপাক্ষিক উদ্যোগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একেবারে এক শব্দে বললে—না। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এই উদ্যোগ চীনের প্রস্তাবের কারণে নয়।
এর আগে তিনি ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক বৈঠক ও সফরের ধারাবাহিকতা কি চীন-পাকিস্তান-বাংলাদেশ ত্রিপাক্ষিক কাঠামোর সঙ্গে যুক্ত? এর জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, “ত্রিপাক্ষিক ব্যবস্থায় চীনের উৎসাহ আছে, পাকিস্তানেরও আগ্রহ আছে। কিন্তু আমরা বলেছি, ঠিক ত্রিপাক্ষিক নয়, চাইলে চতুর্পাক্ষিক করেন। আরও দেশকে নিয়ে আসুন, আমরা একসঙ্গে বসি।”
তিনি আরও বলেন, আমাদের অবস্থান একই আছে এবং তারা সেটি কগনিজেন্সে নিয়েছে। ভবিষ্যতে হয়তো এমন কোনো উদ্যোগ হতে পারে।
উল্লেখ্য, গত জুনে চীন ত্রিপক্ষীয় এক ‘অনানুষ্ঠানিক আলোচনা’র আয়োজন করে। ১৯ জুন চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে চীন, পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর থেকেই কূটনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে।

