থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
গত বছরের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার(২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি বলেন, ‘একটা শর্ট গান কিংবা পিস্তল উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। চায়না রাইফেল ও এসএমজি উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে ১ লাখ টাকা। এলএমজির ক্ষেত্রে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতি রাউন্ড গুলির জন্য দেওয়া হবে ৫০০ টাকা। এই পুরস্কার সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে এখন অনেক নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না।
তিনি জানান, গাজীপুরে পুলিশ কমিশনারের চলাচল সীমিত করার বিষয়টি সভায় আলোচনা হয়েছে; প্রয়োজনীয় কারণ দর্শানোর নোটিশের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভারতে আটক পুলিশ কর্মকর্তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।