ছেলেদের ইসলামিক শিক্ষার কারণে সিনেমা ছাড়ার ঘোষণা অনন্ত জলিলের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৫৭ অপরাহন, গাস্ট ২৫, ২০২৫

চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। ছবি: ইন্টারনেট

চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। শনিবার (২৪ আগস্ট) রাতে এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি জানান, তার দুই সন্তান ইসলামিক শিক্ষা নিচ্ছে। সে কারণে বাবা–মায়ের চলচ্চিত্রে অভিনয় করা তাদের জন্য অনুকূল হবে না।

অনন্ত বলেন, বড় ছেলে আটপাড়া কোরআনের হাফেজ, ছোট ছেলেও কোরআন রিডিং শেষ করেছে। সন্তানদের মাদ্রাসা ও পড়াশোনার ব্যস্ততার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওরা ইসলামিক পড়াশোনা করছে, আর আমরা যদি সিনেমা করি-এটা ওদের কাছে ভালো লাগবে না, আমার কাছেও না।’

এর আগে স্ত্রী ও সহশিল্পী আফিয়া নুসরাত বর্ষা কয়েক মাস আগে হাতে থাকা কাজ শেষ করেই সিনেমা থেকে বিদায় নেবেন বলে জানিয়েছিলেন। এবার একই পথে হাঁটার ঘোষণা দিলেন অনন্ত জলিল।

২০১০ সাল থেকে নিজস্ব প্রযোজনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিনেমা বানানো শুরু করেন অনন্ত। প্রায় সব সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন বর্ষা। যৌথ প্রযোজনায় আন্তর্জাতিক শিল্পীদের নিয়েও কাজ করেছেন এই দম্পতি।

বর্তমানে তাদের অভিনীত ‘দ্য স্পাই’ ও ‘নেত্রী দ্য লিডার’ নির্মাণাধীন রয়েছে, যেখানে ভারতের কয়েকজন নামকরা অভিনেতাও যুক্ত আছেন। তবে অনন্ত জানান, অসমাপ্ত এসব কাজ শেষ করেই তারা চলচ্চিত্রকে বিদায় জানাবেন।

তিনি আরও বলেন, ‘আমাদের হাতে দুই–তিনটা কাজ আছে। অর্ধেক শেষ, অর্ধেক বাকি। এগুলো শেষ করেই হয়তো সরে দাঁড়াবো। আসলে করোনার পর থেকে ব্যবসার দিকে সময় দিতে হচ্ছে বেশি। নইলে এত বড় কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে।’

Nagad