৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৪০ অপরাহন, গাস্ট ২৫, ২০২৫

সংগৃহীত ছবি

দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো—পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ায়, কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনায়, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামে বদলি করা হয়েছে।

এছাড়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুর,ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা যায়, উপসচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। তিনি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষা, কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা এবং সরকারের উন্নয়নমূলক কর্মসূচি তদারকির দায়িত্ব পালন করেন।