ইউনাইটেড ফাইন্যান্সের মোবাইল অ্যাপ ‘উমা’ উদ্বোধন
দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের মোবাইল অ্যাপ্লিকেশন ‘উমা’ উদ্বোধন করেছে। সোমবার (২৫ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজমুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান, গ্রাহক, অংশীদার ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
ইউনাইটেড ফাইন্যান্স জানিয়েছে, ‘উমা’ গ্রাহকসেবায় নতুন সংযোজন আনবে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে কোনো এনবিএফআই খাতে সম্পূর্ণ অনলাইনে ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুযোগ মিলবে। পাশাপাশি অ্যাপটি থেকে পাওয়া যাবে—
রিয়েল-টাইমে ডিপোজিট ও ঋণ পণ্যের তথ্য, তাৎক্ষণিক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও সার্টিফিকেট ডাউনলোডের সুবিধা, সরাসরি মোবাইল থেকেই সেবা অনুরোধ করার সুযোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান নজমুল হাসান বলেন, গ্রাহকদের জন্য সর্বশেষ উদ্ভাবনটি বাস্তবে রূপ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইউনাইটেড ফাইন্যান্স সবসময় সেবাকে অগ্রাধিকার দিয়েছে, উমা গ্রাহকদের জন্য এক নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এনে দেবে।
ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম বলেন, উমা আমাদের নিজস্ব টিমের সৃষ্টি, যা বিশেষভাবে গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে। সহজ ইন্টারফেসের কারণে এটি সব বয়সের মানুষের জন্য ব্যবহারযোগ্য। নিরাপদ ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টের পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।
অ্যাপটির বৈশিষ্ট্য উপস্থাপন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আহসান। তিনি জানান, যেকোনো সময়, যেকোনো স্থান থেকে আর্থিক কার্যক্রম পরিচালনা করা যাবে ‘উমা’-এর মাধ্যমে।
অ্যাপটি এখন গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর-এ ডাউনলোডের জন্য উন্মুক্ত। পাশাপাশি ধাপে ধাপে টিউটোরিয়াল ও ফিচার হাইলাইট ইউনাইটেড ফাইন্যান্সের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

