অটোমেশন না হওয়া পর্যন্ত ভ্যাট অডিট বন্ধ থাকবে: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:১৩ অপরাহন, গাস্ট ২৬, ২০২৫

অটোমেশন না হওয়া পর্যন্ত ভ্যাট অডিট বন্ধ থাকবে: এনবিআর চেয়ারম্যান। সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ম্যানুয়াল ভ্যাট অডিট বন্ধ থাকবে। এমনকি প্রয়োজনে কেয়ামত পর্যন্ত এই অডিট বন্ধ রাখার কথা বলেছেন তিনি। কারণ, বর্তমানে প্রচলিত অডিট ব্যবস্থায় প্রকৃত চিত্র উঠে আসছে না এবং এতে একই ব্যক্তি বারবার অডিটের আওতায় পড়ছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘করপোরেট কর এবং ভ্যাটে সংস্কার: এনবিআরের জন্য একটি বিচারমূলক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান জোর দিয়ে বলেন, অডিট ব্যবস্থা হতে হবে ঝুঁকিভিত্তিক, ম্যানুয়াল সিলেকশনের ভিত্তিতে নয়।

মো. আবদুর রহমান ন্যূনতম করকে ‘কালাকানুন’ হিসেবে আখ্যায়িত করে বলেন, কর আদায় হওয়া উচিত মুনাফার ওপর, ন্যূনতম করের ওপর নয়। তিনি স্বীকার করেন যে এই ব্যবস্থা বাতিল করলে কর আদায় কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

এনবিআর চেয়ারম্যান দেশের নিম্নমুখী কর-জিডিপি অনুপাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, গত বছর এটি ছিল ৭.৪, যা এ বছর কমে ৬.৬-এ নেমে এসেছে। তিনি বলেন, এই অনুপাত পাকিস্তানের ১২.২-এর তুলনায় অনেক কম, যা ঋণ পরিশোধ এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

তিনি কর-জিডিপি অনুপাত বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যাপক কর ছাড়ের কারণে এই অনুপাত বাড়ানো সম্ভব হচ্ছে না। তিনি বলেন, কর অব্যাহতি পাওয়ার সময়সীমা শেষ হওয়ার পরেও ব্যবসায়ীরা বারবার কর ছাড়ের আবেদন করেন। তিনি আরও জানান, এনবিআর একটি স্বচ্ছ কর প্রশাসন গড়ে তোলার চেষ্টা করছে।

Nagad