মিথিলার নতুন অর্জন: এবার নামের আগে ‘ড.’ উপাধি
অভিনেত্রী, গায়ক, মডেল ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা তার নামের আগে এবার ‘ড.’ উপাধি যোগ করতে যাচ্ছেন। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করার পর মঙ্গলবার (২৬ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এই সুখবরটি জানিয়েছেন।
মিথিলা তার পোস্টে লেখেন, ‘অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।’
মিথিলা জানান, একজন পূর্ণকালীন পেশাজীবী, অভিনেত্রী এবং মা হিসেবে একইসঙ্গে এই ডিগ্রি অর্জন করা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। এই অভিজ্ঞতা তাকে দৃঢ়তা ও আত্মবিশ্বাসের এক নতুন পাঠ দিয়েছে।
নিজের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাদের অকুণ্ঠ সমর্থন ছাড়া এই যাত্রা সফল হতো না। মিথিলা আরও বলেন, ‘আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব-একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।’
উল্লেখ্য, মিথিলা দীর্ঘদিন ধরে বাংলাদেশের শোবিজ অঙ্গনে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন শিক্ষক এবং উন্নয়নকর্মী হিসেবেও পরিচিত।

