বিয়ের অনুষ্ঠানে আনন্দ উদযাপনের গুলিতে বরের মৃত্যু
তুরস্কের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আনন্দ উদযাপনের জন্য ছোড়া বন্দুকের গুলিতে বর আহত হয়ে মারা গেছেন। বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যম এএফপি এই খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু-এর প্রতিবেদন অনুযায়ী, বিয়ের অনুষ্ঠান শেষে ২৩ বছর বয়সী বর আলিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। অভিযোগ উঠেছে, তার স্ত্রীর ৪৭ বছর বয়সী এক নারী আত্মীয় এই ঘটনা ঘটিয়েছেন।
পুলিশ ওই নারীকে আটক করেছে এবং তার বাগান থেকে দুটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রসিকিউটররা এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছেন।
তুরস্কে প্রচলিত দুঃখজনক ঘটনা
তুরস্কের উত্তরাঞ্চলে কৃষ্ণ সাগর উপকূলবর্তী অঞ্চলে বিয়ের অনুষ্ঠানে আনন্দ উদযাপনের জন্য বন্দুক থেকে গুলি ছোড়ার ঘটনা বেশ প্রচলিত। এর আগেও এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ট্রাবজোন প্রদেশে একটি বিয়ের আগে আনন্দ উদযাপনের সময় ছোড়া গুলিতে একজন ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছিলেন।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সেই বিয়েটি বাতিল করা হয়েছিল এবং এই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ দুজনকে আটক করা হয়।

