ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৪৬ অপরাহন, গাস্ট ২৭, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, সংসদীয় আসনের সীমানা নিয়ে দীর্ঘদিনের শুনানি শেষ হয়েছে। যত দ্রুত সম্ভব, আসনগুলোর সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর আগে, গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে একটি খসড়া প্রকাশ করা হয়েছিল। সেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩টি করার প্রস্তাব করা হয়।

সীমানা পুনর্নির্ধারণের এই খসড়ার বিষয়ে গত ১০ আগস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকা থেকে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন ইসিতে জমা পড়েছিল। গত ২৪ আগস্ট থেকে এসব দাবি-আপত্তির ওপর শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হয়েছে।

এর আগে, বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই কর্মপরিকল্পনা (রোডম্যাপ) চূড়ান্তভাবে অনুমোদন পায়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, এখন শুধু টাইপিংয়ের কাজ চলছে।

Nagad