জামায়াতে আলোচনা সভা: জুলাই ঘোষণা ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি
‘জুলাই ঘোষণা’, ‘জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন’, এবং ‘পিআর পদ্ধতিতে’ আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
সভায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ এবং ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
বক্তারা আসন্ন সংসদ নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে অনুষ্ঠানের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং ‘জুলাই ঘোষণা’ ও ‘জুলাই সনদের’ বাস্তবায়নের ওপর জোর দেন।

