উপদেষ্টা হতে ২০০ কোটি টাকার চেক: প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্, গাস্ট ২৯, ২০২৫

স্বাস্থ্য উপদেষ্টার পদে বসার জন্য এক সমন্বয়ককে ২০০ কোটি টাকার চেক দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগ উঠেছে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এ বিষয়ে দুদক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। রাতে দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে অভিযোগ-সংক্রান্ত রেকর্ড সংগ্রহ করা হয়েছে। বিশ্লেষণে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তিনি বলেন, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু প্রক্রিয়ায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ লাভের উদ্দেশ্যে ঘুষ প্রদানের অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রাপ্ত রেকর্ড বিশ্লেষণে প্রাথমিক সত্যতা মিলে।

তানজির আহমেদ আরও জানান, অভিযোগ-সংক্রান্ত অতিরিক্ত তথ্য সংগ্রহের কাজ চলছে। যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে, যার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ডা. মোস্তফা স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার আশায় এক সমন্বয়ককে ১০ লাখ টাকা নগদ ও ২০০ কোটি টাকার চারটি চেক দিয়েছেন। এ ঘটনায় মধ্যস্থতাকারী হিসেবে আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ আছে।

এ বিষয়ে অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা দাবি করেন, তাকে জোরপূর্বক চেকে স্বাক্ষর করানো হয়েছে। তার ভাষায়, তারা আমাকে মিথ্যা প্রলোভনে ফেলে এবং জোর করে উপদেষ্টা বানাতে চায়। অফিসে তারা অস্ত্রসহ এসেছিল।

Nagad