মধ্যমপন্থার রাজনীতি সরিয়ে উগ্রবাদ আনার ষড়যন্ত্র চলছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে মধ্যপন্থা ও উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রবাদী রাজনীতি আনার ষড়যন্ত্র চলছে, যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে।
তিনি বলেন, এই সময়টা আমরা অপেক্ষা করছি একটা গণতন্ত্রের উত্তোলনের রোডম্যাপ আমরা পাবো। যদিও গতকাল রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপের জন্য অপেক্ষা করছে সবাই। আর এখন এটাকে ঠিক করে রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠানগুলো সরকার যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা একটা মোটামুটিভাবে লক্ষ্যে পৌঁছাতে পারবো।
শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত বই ‘রক্তাক্ত জুলাই’ এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কয়েকদিন আগে হতাশার কথা বলায় সমালোচিত হয়েছেন। ‘এই বয়সে এসে দেখি আমাদের লড়াই, সংগ্রাম ম্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে। রাজনীতিতে মতভেদ থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে, কিন্তু বর্তমান পরিবেশে জনগণ বিভ্রান্ত হয়ে পড়ছে-নির্বাচন হবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছে।’
নির্বাচন ছাড়া জাতির সামনে বিকল্প নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন না হলে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। ফ্যাসিবাদের ফিরে আসার আশঙ্কা আরও বেড়ে যাবে। দেশে-বিদেশে নানা শক্তি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাই দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
ফখরুল দাবি করেন, সংস্কারের ধারণা বিএনপিই প্রথম এনেছিল। বাংলাদেশের পরিবর্তনের সূচনা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। মুক্তিযুদ্ধের ঘোষণা এসেছে তার কাছ থেকেই। বিএনপি ছাড়া অন্য কেউ এই পরিবর্তনের পথ দেখাতে পারেনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মনে করবেন না, আপনারা ক্ষমতায় চলে এসেছেন। এখনো অনেক ষড়যন্ত্র আছে। সেগুলো মোকাবিলা করতে হবে ঐক্য ও ভালো কাজের মাধ্যমে। জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের আশা বিএনপির কাছেই।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে এমন জায়গায় নিতে হবে, যেখানে সেটি সত্যিকার অর্থেই জনগণের কল্যাণে কাজ করবে। কেবল গুটিকয়েক মানুষের উন্নয়ন নয়, কৃষক-শ্রমিকসহ সবার উন্নয়ন ঘটলেই সেই সংগ্রাম সফল হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রকাশক মো. জহির দীপ্তি এবং গ্রন্থের লেখক সৈয়দা ফাতেমা সালাম।

