আগস্টে প্রবাসীদের রেমিট্যান্স ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:০৮ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৫

চলতি বছরের আগস্ট মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয় ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা। প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা হিসাবে হিসাব করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগের বছরের আগস্টে প্রবাসী আয় ছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, চলতি বছরের আগস্টে প্রবাসী আয় আগের বছরের তুলনায় ১৯ কোটি ৮০ লাখ ডলার বা ৮.৯০ শতাংশ বেড়েছে।

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ের পরিমাণ হয়েছে ৪৯০ কোটি ডলার। এর আগের বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ৪১৩ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এই দুই মাসে প্রবাসী আয় বেড়েছে ৭৬ কোটি ২০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে প্রবাসী আয়ের ধারাবাহিকতা ছিল উল্লেখযোগ্য। জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, জুনে ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার।