শৃঙ্খলাভঙ্গসহ নানা অভিযোগে ডা. ফাতেমা দোজা বরখাস্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৫

স্বাস্থ্য অধিদফতরের ওএসডি সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজা। সংগৃহীত ছবি

সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে তথ্য গোপন করে পুনরায় যোগদান, আমন্ত্রণপত্র পরিবর্তন করে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করা এবং ফৌজদারি মামলার তথ্য গোপন করাসহ বিভিন্ন গুরুতর অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের ওএসডি সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে গত বুধবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডা. ফাতেমা দোজার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালের ২৬ নভেম্বর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং ৪২/২০২৩) রুজু করা হয়।

ডা. ফাতেমা দোজা কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় এবং ব্যক্তিগত শুনানিতে অংশ না নেওয়ায়, একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ডস্বরূপ চাকরি থেকে বরখাস্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর দ্বিতীয় দফায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, যার জবাব সন্তোষজনক না হওয়ায় বরখাস্তের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখা হয়। এই সিদ্ধান্ত কার্যকরের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে কমিশন স্বাস্থ্য সেবা বিভাগের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে।

সর্বশেষ, ডা. ফাতেমা দোজাকে চাকরি থেকে বরখাস্ত করার প্রস্তাব প্রধান উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পেশ করা হলে তিনি তা অনুমোদন করেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৪(৩)(ঘ) মোতাবেক তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Nagad