জুলাই হত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনাল বাড়ানোর ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্, সেপ্টেম্বর ২, ২০২৫

সংগৃহীত ছবি

জুলাই হত্যাযজ্ঞের বিচার দ্রুত শেষ করতে অতিরিক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ড. আসিফ নজরুল বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের অগ্রগতি সন্তোষজনক হলেও বিচারকাজ আরও ত্বরান্বিত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে।

তিনি আরও বলেন, বিগত সরকারের হত্যা, গুম, নির্যাতনসহ সব ধরনের অপরাধের বিচার আমরা নিশ্চিত করবো। দেশের স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ন্যায়বিচার অপরিহার্য।

এ সময় গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচারকাজ বর্তমানে দ্রুতগতিতে চলছে। ইতোমধ্যে একাধিক মামলার অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণও প্রায় শেষ পর্যায়ে।

Nagad