জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী
জাতীয় পার্টি (জাপা)-কে রক্ষা করার দায়িত্ব এখন গণতন্ত্রের স্বার্থে বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সংগৃহীত ছবি
জাতীয় পার্টি (জাপা)-কে রক্ষা করার দায়িত্ব এখন গণতন্ত্রের স্বার্থে বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, অনেকেই জাপাকে নিষিদ্ধ করার কথা বলছেন, যদিও বিষয়টি ইতোমধ্যে স্তিমিত হয়ে গেছে। এ জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ তারা এখনো সেই ফাঁদে পা দেয়নি।
তিনি আরও বলেন, যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও একই ধরনের নিষেধাজ্ঞা থাকে, তাহলে নির্বাচনি মঞ্চে মূলত তিনটি বড় রাজনৈতিক দল প্রভাবিত হবে। এতে আসনের ভাগাভাগি হতে পারে বিএনপির ২০০, আর বাকি দলগুলোর ৫০-৫০ আসন। এ অবস্থায় অন্যান্য দল বিএনপির ওপর চাপ সৃষ্টি করে আরও আসন দাবি করতে পারে। এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে।
শামীম পাটোয়ারী বলেন, রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’ খুব জরুরি। তিনি জিয়াউর রহমানের সময়ের উদাহরণ টেনে বলেন, ২১ আগস্টের ঘটনার পর দুই বছরের একটি ‘কুলিং পিরিয়ড’ ছিল। ফলে বিএনপির ওপর আওয়ামী লীগের তাৎক্ষণিক নির্যাতন শুরু হয়নি, বরং পরে শুরু হয়। তার মতে, বাংলাদেশে এখন এমন একটি ‘কুলিং পিরিয়ড’ অত্যন্ত প্রয়োজন।
সেনাপ্রধান ক্ষমতা নিতে চান না জানিয়ে শামীম পাটোয়ারীর দাবি, ‘ক্ষমতা নেওয়ার ব্যাপারে বা ইমারজেন্সির ব্যাপারে ওনার (সেনাপ্রধান) কোনো আগ্রহ নেই। উনি যদি ক্ষমতা নিতে চাইতেন, তাহলে ৫ আগস্টই তা করতে পারতেন। অর্মত্য সেন কিন্তু প্রশংসা করেছে সেনাপ্রধানের, যে উনি ৫ তারিখে ক্ষমতা নেননি।’
পতিত আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গত বছরের ৫ আগস্টের পর থেকেই উঠতে শুরু করে বিক্ষিপ্তভাবে। গত শুক্রবার দলটির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হন নুর মারাত্মকভাবে আহত হওয়ার পর সেই দাবি আরও জোরালো হয়েছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এসসিপিসহ বেশ কয়েকটি দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলেছে।
এদিকে দলটিকে কোনো উপায়ে নিষিদ্ধ করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তারই মাঝে জাপার দায়িত্ব বিএনপির কাঁধে দিলেন দলটির মহাসচিব শামীম পাটোয়ারী।

