বিশ্বে মানসিক স্বাস্থ্য সংকট: ১০০ কোটির বেশি মানুষ আক্রান্ত–ডব্লিউএইচও

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৫ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৫

বিশ্বে মানসিক স্বাস্থ্য সংকট: ১০০ কোটির বেশি মানুষ আক্রান্ত–ডব্লিউএইচও। ছবি ইন্ডিয়া টুডে

বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ১০০ মৃত্যুর মধ্যে একটি আত্মহত্যাজনিত মৃত্যু, যা তরুণদের মধ্যে বাড়তে থাকা মানসিক সংকটের ভয়াবহতা তুলে ধরছে।

ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, ২০২১ সালে প্রায় ৭ লাখ ২৭ হাজার মানুষ আত্মহত্যা করেছে। সংস্থার অ-সংক্রামক রোগ ও মানসিক স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডেভোরা কেস্টেল জানিয়েছেন, বিশ্বে প্রতিটি আত্মহত্যার বিপরীতে অন্তত ২০টি আত্মহত্যার চেষ্টা ঘটে। এসব মৃত্যু শুধু জীবন শেষ করে না, বরং পরিবার ও সমাজকে গভীর কষ্টে ফেলে।

তরুণদের ঝুঁকি বেশি
প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ১৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল আত্মহত্যা। একই বয়সী পুরুষদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণও এটি। যদিও ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে আত্মহত্যার হার বিশ্বব্যাপী ৩৫ শতাংশ কমেছে, তবে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে এক-তৃতীয়াংশ কমানোর বৈশ্বিক লক্ষ্য এখনও অর্জিত হয়নি।

যুক্তরাষ্ট্রে ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে ১৭ শতাংশ। অন্য অঞ্চলে কিছুটা কমলেও নিম্ন-আয়ের দেশগুলোতে আত্মহত্যার হার তুলনামূলক বেশি।

উদ্বেগ ও হতাশার হার দ্রুত বাড়ছে
ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, আত্মহত্যার হার ধীরে কমলেও উদ্বেগ ও হতাশাজনিত ব্যাধি দ্রুত বাড়ছে। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে মানসিক সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বিশ্ব জনসংখ্যার বৃদ্ধির চেয়ে দ্রুত হারে বেড়েছে। বর্তমানে বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ এসব সমস্যায় ভুগছে।

সংস্থার মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান মার্ক ভ্যান ওমেরেন জানিয়েছেন, তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকট আরও গভীর হচ্ছে। এর পেছনে প্রধান দুটি কারণ হলো সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব ও কোভিড-১৯ মহামারি।

Nagad

বাজেট বরাদ্দ কম
প্রতিবেদনে বলা হয়, মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। ২০১৭ সালের পর থেকে স্বাস্থ্য বাজেটের মাত্র ২ শতাংশ ব্যয় হচ্ছে মানসিক স্বাস্থ্যে। হতাশায় ভোগা রোগীদের মধ্যে মাত্র ৯ শতাংশ চিকিৎসা পায়।

ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, মানসিক স্বাস্থ্যসেবা রূপান্তর এখন বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ। সূত্র: এএফপি