সাংবাদিক নির্যাতন: কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা কারাগারে

কুড়িগ্রাম প্রতিনধি:কুড়িগ্রাম প্রতিনধি:
প্রকাশিত: ৭:৪৫ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৫

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সংগৃহীত ছবি

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন আদালতে জামিন নিতে এলে আদালত তা নামঞ্জুর করেন। আমরা আদালতের রায়ের প্রতি সম্মান জানাই।

মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে আরিফুলকে চোখ বেঁধে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় এবং ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। পরে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।

ঘটনাটি দেশব্যাপী তীব্র সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে আরিফুল জামিনে মুক্তি পান এবং জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। প্রায় পাঁচ বছর ধরে মামলাটি চলমান রয়েছে।

সম্প্রতি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের জন্য জেলা আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Nagad