ডাকসুর প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি: তদন্তে তিন সদস্যের কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে প্রার্থী বি এম ফাহমিদা আলমকে দেওয়া ‘গণধর্ষণের’ হুমকির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে। অন্য দুই সদস্য হলেন—সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া এবং সহকারী প্রক্টর মো. রেজাউল করিম সোহাগ। কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ এবং বামপন্থি প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. নাইম হাসানের আবেদনের প্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ও সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হোসেন তার ফেসবুক পোস্টে লিখেন-হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে ‘গণধর্ষণের’ পদযাত্রা করা উচিত। ওই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

