পলিথিন বন্ধে দেশজুড়ে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:১৭ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৫

পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে সারা দেশে একযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এসব অভিযানে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর জানান, প্রথম দিনে টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকার চকবাজার এলাকায় চারটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নয়টি মামলায় মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ৪ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং চকবাজারের একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।

পাশাপাশি বাজার, সুপারশপ ও দোকান মালিকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে বান্দরবানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী একটি মোবাইল কোর্টে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা এবং দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এদিকে ঢাকার নিকুঞ্জ এলাকায় অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের কারণে পরিচালিত অভিযানে পাঁচটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Nagad