নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের সময় লাঠিচার্জে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরের স্ত্রী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
নুরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নুরের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, চোয়াল ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন নুরকে বিদেশে পাঠানোর জন্য। তিনি বলেন, এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজা নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করবে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হন।
রাত ১১টার দিকে আহত নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে নেওয়া হয়। এক ঘণ্টা পর রাত ১২টায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সোমবার দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নুরকে ভিভিআইপি এক নাম্বার কেবিনে স্থানান্তর করা হয়। এখনও তিনি সেখানেই অবস্থান করছেন।

