অভিনেতা সিদ্দিক ৩ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. জিয়াদুর রহমানের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সিদ্দিক শাহজাদপুরের সুবাস্তু নজরভ্যালির সামনে উপস্থিত থেকে অর্থের জোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে নিবৃত্ত করতে ঘটনাটি ঘটান। মামলায় তিনি ২২৩ নম্বর এজাহারনামীয় আসামি। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ ও পলাতক আসামিদের গ্রেফতারে তথ্য সংগ্রহ জরুরি।
উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানে গুলিবিদ্ধ হয়ে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা গত ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।

